নিজস্ব প্রতিবেদক:
লালপুরের ওয়ালিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন ওয়ালিয়া শাখা।
মঙ্গলবার (২৬ মে) সকালে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানব কল্যাণ ফাউন্ডেশন ওয়ালিয়া শাখার সভাপতি শাহরিয়ার হোসেন আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোল্লা সোহেল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান কার্যালয়ের পরিচালক আল আরাফাত শান্ত, সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ এবং ওমর ফারুক খান। এছাড়াও সংগঠনের প্রধান শাখার সাধারণ সম্পাদক সোহান আহমেদ, ওয়ালিয়া শাখার সাধারণ সম্পাদক তানজিলুল হাসান তানভীরসহ সকল সদস্যবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এ উদ্যোগ।
উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।