নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গোধড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামছুজ্জামান দোহার সমর্থক এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন আগে মজনুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এই বিরোধ নতুন করে উত্তেজনা তৈরি করে।বুধবার রাতে বিষয়টি নিয়ে হাসান নামের এক যুবকের সঙ্গে মজনুর কথা কাটাকাটি হয়। প্রথমে হাসান ভিডিওটি মিথ্যা বলে স্বীকার করলেও পরদিন থানায় গিয়ে অভিযোগ করেন, তাকে জোরপূর্বক এমন স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার পুলিশ তদন্তে আসে।পুলিশ চলে যাওয়ার পর পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আরও লোকজন শুক্রবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে এবং মোমিন পাটোয়ারীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুরুতর আহত রাশেদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।