বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৪ আসনের বড়াইগ্রামে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোট ৯৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। আনুপাতিক হারে ভোট পড়েছে ৬২ শতাংশ। প্রত্যেকটি কেন্দ্রে নিয়োজিত অফিসার ও নিরাপত্তাকর্মীরা ছিল সতর্ক অবস্থানে। দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ ভোটাররা। সার্বিক পরিস্থিতির বিবেচনায় জয়ের বিষয়ে আশাবাদী প্রতিদ্বন্দ্বী দুইটা বড় দল বিএনপি ও জামায়াত।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকাল থেকে সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে। বড়াইগ্রাম উপজেলাতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।