বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কারবালা (খোদ্দ কাছুটিয়া) গ্রামের অসহায় ভ্যানচালক শহিদুল ইসলামের স্ত্রী সড়ক দুর্ঘটনায় দুটি পা ক্ষতবিক্ষত হয়ে প্রায় পঙ্গু , অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারছে না। সংবাদ মাধ্যম ভিত্তিক ফেসবুক পেইজ ” নাটোর সময়কাল” ও “সর্বশেষ সংবাদ”-এ এমন সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি বড়াইগ্রাম উপজেলার সুযোগ্য ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের নজরে আসে। তিনি তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে ছুটে যান ওই অসহায় ভ্যানচালকের বাড়ি। অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেন, ছোট দুটি বাচ্চার খোঁজখবর নেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনা খাবার প্রদান করেন।
ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে আমাদের উপজেলার সুযোগ্য ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার স্যার এই ক্ষুদ্র মানুষের বাড়িতে এসেছেন, আমার স্ত্রী ও আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বড়াইগ্রামের দুইটি সংবাদ ভিত্তিক ফেসবুক পেইজে খবরটি দেখার পরে আমি তাৎক্ষণিক খোঁজ খবর নিয়েছি, অসহায় পরিবারটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও শুকনা খাবার প্রদান করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।