বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে সুভাষ রোজারিও নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ছয় ফিট উচ্চতার এবং ৬০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় সুভাষ রোজারিও পলাতক থাকায় তার স্ত্রী লিনা রোজারিও কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্রাহাম রোজারিওর ছেলে সুভাষ রোজারিও দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, গাঁজা গাছ সহ একজন নারী কে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।